দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার ৫টি ইউনিয়নে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য লটারির মাধ্যমে ৫০ জন নারী লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (RRMEP) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দুমকি উপজেলার ৫টি ইউনিয়নে ১০ জন করে মোট ৫০ জন মহিলা কর্মীকে এই নিয়োগ প্রদান করে।
নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্বরে লটারির আয়োজন করা হয়। লটারির মাধ্যমে নির্বাচিত কর্মীরা স্ব স্ব ইউনিয়ন পরিষদের অধীনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, দুমকি এলজিইডির কমিউনিটি অর্গানাইজার (সিও), সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দুস্থ ও কর্মক্ষম নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
