মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দর ও কপালভেড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই গ্যাস কোম্পানির ডিলারকে মোট ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীরা সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছেন কি না, তা যাচাইয়ের জন্য এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি। এ সময় অনিয়মের সত্যতা পাওয়ায় যমুনা গ্যাস এবং ফ্রেশ গ্যাস কোম্পানির ডিলারদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি বলেন, “ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। ক্রয়-বিক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ডিলারদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
