মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিষধর সাপের ছোবলে সেজুতি ঘরামী (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ভুল সিদ্ধান্ত ও গাফিলতির কারণেই শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেজুতি ঘরামী ওই গ্রামের বিরাংশু ঘরামীর মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ ঘরে খাটের ওপর পা ঝুলিয়ে বসে ছিল সেজুতি। এসময় সবার অলক্ষে একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। শিশুটির চিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশালের উদ্দেশ্য রওনা করলে পথিমধ্যেই সেঁজুতির মৃত্যু হয়।

তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, “শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যান্টিভেনম প্রয়োগের প্রস্তুতি নিয়েছিলাম।
কিন্তু পরিবারের সদস্যরা চিকিৎসকদের কিছু না জানিয়েই তাকে হাসপাতাল থেকে নিয়ে চলে যান। সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়।”
