BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

অজুর পানিতেই মরুভূমিতে সবুজের সমারোহ, দৃষ্টান্ত স্থাপন জর্ডানের মসজিদের!

তীব্র পানিসংকটে থাকা জর্ডানে পানির প্রতিটি ফোঁটার সঠিক ব্যবহার নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। দেশটির দাইর আলা অঞ্চলের আবু ওবাইদা মসজিদে মুসল্লিদের অজুর জন্য ব্যবহৃত পানি ফেলে না দিয়ে বিশেষ পদ্ধতিতে শোধন করে গাছপালায় সেচ দেওয়া হচ্ছে। আর এই উদ্যোগেই রুক্ষ ও শুষ্ক পাহাড়ঘেরা মসজিদ প্রাঙ্গণ পরিণত হয়েছে এক টুকরো সবুজ মরুদ্যানে। পানির অপচয় রোধের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও তৈরি হয়েছে অনুকরণীয় দৃষ্টান্ত।

জর্ডান বিশ্বের অন্যতম পানিসংকটাপন্ন দেশ। সেখানে মাথাপিছু নবায়নযোগ্য মিঠা পানির পরিমাণ বছরে মাত্র ৬১ ঘনমিটার। অথচ জাতিসংঘের নির্ধারিত চরম পানিসংকটের সীমা হলো বছরে মাথাপিছু ৫০০ ঘনমিটার। অর্থাৎ জর্ডানের পানির প্রাপ্যতা সেই সীমার আট ভাগের এক ভাগেরও কম। এমন পরিস্থিতিতে দেশটির আবু ওবাইদা মসজিদে ব্যবহৃত পানি পুনর্ব্যবহারের এই উদ্যোগ বিশেষ গুরুত্ব পেয়েছে।

মসজিদটিতে মুসল্লিরা প্রতিদিন নামাজের আগে অজু করেন। অজুর পর ব্যবহৃত পানি সরাসরি নর্দমায় ফেলে দেওয়া হয় না। বরং ওজুখানার নিচে স্থাপন করা বিশেষ পাইপের মাধ্যমে সেই পানি একটি নির্দিষ্ট শোধনাগারে পাঠানো হয়। সেখানে পানি পরিষ্কার ও পরিশোধনের পর পাইপের সাহায্যে মসজিদের বাগানে পৌঁছে দেওয়া হয়। এরপর ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ পদ্ধতিতে গাছের গোড়ায় পানি দেওয়া হয়। ফলে সরকারি পানির ওপর নির্ভর না করেই বেঁচে থাকছে মসজিদ প্রাঙ্গণের বিভিন্ন গাছপালা ও ফুল।

এই পানি সংরক্ষণ ও শোধনব্যবস্থাটি পরিচালনা করছে জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন (জাকা)। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওসান বলেন, জর্ডানের মানুষ প্রতিদিনই পানিসংকটের বাস্তবতার মুখোমুখি হন। তাই পানির গুরুত্ব সম্পর্কে তাদের সচেতনতা রয়েছে। মসজিদ থেকে ধর্মীয় মূল্যবোধের অংশ হিসেবে পানি সংরক্ষণের যে শিক্ষা দেওয়া হয়, বাস্তব জীবনেও তা প্রয়োগ করা সম্ভব—এটাই দেখাতে চেয়েছেন তারা।

তিনি আরও জানান, অজুর সময় সাধারণত সাবান ব্যবহার করা হয় না। ফলে এই পানিতে এমন কোনো রাসায়নিক উপাদান থাকে না, যা শোধনপ্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। নুড়িপাথর ও বালুর পাঁচটি স্তরের মধ্য দিয়ে পানি প্রবাহিত করে প্রাকৃতিকভাবে তা পরিশোধন করা সম্ভব। এরপর সেই পানি গাছের সেচের কাজে ব্যবহার করা যায়।

জর্ডানের পানিসংকটের চিত্র আরও ভয়াবহ। দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি ১৩ লাখ, যার মধ্যে প্রায় ১ কোটি ১০ লাখ মুসলিম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে মুসল্লিদের অজু করতে হয়। ফলে মসজিদগুলোতে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ পানি ব্যবহৃত হয়। অন্যদিকে দেশটিতে সরকারিভাবে নির্দিষ্ট সময় অনুযায়ী পানি সরবরাহ করা হয়। কোনো কোনো এলাকায় সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি পাওয়া যায়। এ কারণে অনেক পরিবারকে বাড়ির ছাদে স্থাপন করা পানির ট্যাংকের ওপর নির্ভর করতে হয়।

২০২৫ সালের একটি গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৩৬ লাখ মসজিদে প্রতি বছর অজুর কাজে আনুমানিক ২ কোটি ২৫ লাখ ঘনমিটার পানি ব্যবহৃত হয়। অন্যদিকে জর্ডানের ধর্ম মন্ত্রণালয় আওকাফের তথ্য অনুযায়ী, দেশটিতে মসজিদের সংখ্যা ৭ হাজার ৬০০টিরও বেশি। ফলে এসব মসজিদে ব্যবহৃত পানি পুনর্ব্যবহারের সুযোগ তৈরি হলে পানিসংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাকা ২০০৮ সাল থেকেই মসজিদের ব্যবহৃত পানি পুনর্ব্যবহারের বিষয়টি নিয়ে কাজ করছে। আবু ওবাইদা মসজিদে বাস্তবায়িত এই প্রকল্পে জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও অংশীদার হিসেবে যুক্ত রয়েছেন। মসজিদের পাথরের দেয়ালে টাঙানো একটি সাইনবোর্ডে প্রকল্পটির উদ্দেশ্য হিসেবে পানি সংরক্ষণ এবং মসজিদের পরিবেশ উন্নত করার কথা উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে জর্ডানের আবু ওবাইদা মসজিদের এই উদ্যোগ শুধু একটি বাগান সবুজ রাখার প্রকল্প নয়, বরং সীমিত পানিসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার একটি কার্যকর উদাহরণ। ধর্মীয় অনুশীলনের সঙ্গে পরিবেশ সংরক্ষণকে যুক্ত করে মসজিদটি দেখিয়ে দিচ্ছে, সচেতন পরিকল্পনা থাকলে ব্যবহৃত পানিও নতুন করে জীবনের উৎস হয়ে উঠতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »