BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রসগোল্লা বলে মুখে তুলে দিলেন বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু!

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা দেওয়ার কথা বলে এক ব্যক্তির মুখে দেশীয় বোমা তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। বস্তুটিকে মিষ্টি ভেবে মুখে নিয়ে কামড় দিতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে রাজেন্দ্র বারোটিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী রাম ভগত বারোটিয়াসহ দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার কোটওয়ালি থানার অন্তর্গত পাদারিয়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই সময় রাজেন্দ্র বারোটিয়া নিজের বাড়িতে বসে ছিলেন। এ সময় সেখানে আসেন তার পরিচিত রাম ভগত। দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে রাম ভগত রাজেন্দ্রর হাতে একটি বস্তু তুলে দেন। অভিযোগ রয়েছে, সেটিকে রসগোল্লা বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তবে সেটি আসলে ছিল একটি দেশীয় বোমা।

রাজেন্দ্র বস্তুটি মিষ্টি ভেবে মুখে নিয়ে কামড় দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন। পরে প্রতিবেশীদের সহায়তায় একটি অটোরিকশায় করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের স্ত্রী সুশীলা বাই জানান, বস্তুটি ছিল পশু হত্যার কাজে ব্যবহৃত বোমা। বিস্ফোরণের শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে প্রতিবেশীদের সহায়তায় দ্রুত রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

ঘটনার পর তদন্তে নামে পুলিশ। কোটওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, এ ঘটনায় রাম ভগত বারোটিয়া ও আরও একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাম ভগত দাবি করেছেন, এক কিশোর তাকে বোমাটি দিয়েছিল। ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে বোমাটি অভিযুক্তের হাতে এসেছে এবং পরিকল্পিতভাবে রাজেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, সেসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

সূত্র: এনডিটিভি

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »