গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের অভিযোগে ১৪ জন যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. ফখরুল হোসাইন।
সাজাপ্রাপ্তদের মধ্যে ৪ জনকে ৬ মাস, ১ জনকে ৩ মাস, ১ জনকে ১ মাস এবং ৮ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন রুবেল মিয়া (৩৩), বাবুল হোসেন (৩১), ইসরাফিল (২৩), সোহেল রানা (৩০), আলমগীর হোসেন (৩০), হাসিব মিয়া (২২), হারুন অর রশিদ (৩৫), ইমন হোসেন (২৫), শহিদুল ইসলাম (২৪), শান্ত (২২), আল আমিন (২৩), জাহিদ হোসেন (২২), সামিউল আলম (২৬) এবং পাশা মিয়া (২০)। পরে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই ১৪ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল বুধবার দুপুরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "মাদক সেবনের অভিযোগে ১৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।"
