জামালপুরের মাদারগঞ্জে স্ত্রীর মুখে গরম ডাল ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতে ওই নারীর মুখের আকৃতি বিকৃত হয়ে যায় বলে অভিযোগ। পরে স্ত্রীকে তালাক দেওয়ার পর নারী নির্যাতনের মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে। ভুক্তভোগী রিক্তা আক্তার জানান, কয়েক বছর আগে জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মাইক ও সাউন্ড অপারেটর ওবায়দুল ওরফে ডিজে ওবায়দুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
রিক্তার ভাষ্য অনুযায়ী, গত বছর বৈদ্যুতিক দুর্ঘটনায় তার স্বামীর একটি হাত ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় তিনি স্বামীর পাশে থেকে চিকিৎসার ব্যবস্থা করেন এবং সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সহযোগিতা করেন।
পরে স্বামী টিকটক ও অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন রিক্তা। কয়েক মাস আগে এসব বিষয়ে প্রতিবাদ করায় ওবায়দুল রান্না করা গরম ডাল ছুড়ে তার মুখে মারেন বলে অভিযোগ করেন তিনি। এতে তার মুখ ঝলসে যায় এবং দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও আগের আকৃতি ফিরে আসেনি বলে জানান রিক্তা।
এরপরও তার ওপর নির্যাতন চলতে থাকে বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে গত সপ্তাহে ওবায়দুল তাকে তালাক দেন। পরে রিক্তা আক্তার নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন।
মামলার পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ গত মঙ্গলবার রাতে ওবায়দুলকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে গ্রেপ্তারের পর ওবায়দুল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার স্ত্রীর মৃগীরোগ রয়েছে এবং কাজ করার সময় মৃগীরোগের কারণে তিনি গরম পানিতে পড়ে যান। স্ত্রীর চিকিৎসার পুরো খরচ তিনিই বহন করেছেন বলেও দাবি করেন তিনি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহসীষ রায় ওবায়দুলকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
