BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে মাদক ও ভূমি দস্যুতার অভিযোগে বশির খান এবং নেছার খানের শাস্তির দাবিতে মানববন্ধন

 মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ,প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে ১০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বশির খান এবং তার সহযোগী নেছার খানকে চিহ্নিত মাদক সম্রাট ও ভূমিদস্যু আখ্যায়িত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার সুবিদখালী শ্রীমন্ত নদীর সেতুর ওপর ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ব্যানার-ফেস্টুন নিয়ে মাদক ও ভূমি দখলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ এবং গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মো. মতি ফরাজি, আবু সালেহ, মো.মিঠু হাওলাদার ও মো. সাইম।

বক্তারা অভিযোগ করেন, বশির খান ও তাঁর সহযোগী নেছার খানের বিরুদ্ধে মাদক কারবার ও অবৈধভাবে জমি দখলসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তাঁদের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও দাবি করেন বক্তারা। সম্প্রতি ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করে বক্তারা বলেন, শুধু গ্রেপ্তার নয়, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কপালভেড়া এলাকার বশির খানের মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. বশির খান (৪২) ও মো. নেছার খান (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মির্জাগঞ্জে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।‌

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »