বাগেরহাটের ষাটগম্বুজে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে পরিচালিত ‘গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ (GPECM-III)’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, নিকাহ রেজিস্ট্রার আব্দুল্লাহেল মুমিন এবং পল্লি চিকিৎসক ফকির মাজেদুল ইসলাম।

ষাটগম্বুজ এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, "বাল্যবিয়ে একটি সামাজিক সমস্যা, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে। বাল্যবিয়ে প্রতিরোধ করতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।"
বিশেষ অতিথিরা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কাজী, চিকিৎসক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক জন্মনিবন্ধন যাচাই ছাড়া কোনো ধরনের বিয়ে না পড়ানোর ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ফকির মাসুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় পরিবার নিয়মিত কাজ করে যাচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধেও বিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় সোচ্চার থাকবে।
