মেহেদী হাসান শান্ত
পটুয়াখালীর দুমকিতে গাঁজা সেবনকালে মোঃ হাবিব হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এসআই (নিঃ) মোঃ সজিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালীন দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ আমির হোসেনের রাস্তার মাথায় পাকা রাস্তার উপর স্থানীয় জনসাধারণ কর্তৃক মাদকদ্রব্য (গাঁজা) সেবনরত অবস্থায় আটককৃত এক ব্যক্তিকে নিজ হেফাজতে নেন।

আটককৃত ব্যক্তি হলেন – মোঃ হাবিব হাওলাদার (২৫), পিতা- দেলোয়ার হাওলাদার, সাং- দক্ষিণ মুরাদিয়া, ৩ নং ওয়ার্ড, ইউনিয়ন- মুরাদিয়া, থানা- দুমকি, জেলা- পটুয়াখালী।
এ সময় তার কাছ থেকে ১০ (দশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামী উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজা) সেবনের জন্য নিজের কাছে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৬ ধারায় অপরাধ করায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীকে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ (পনের) দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করার পরে আদালত তাকে শাস্তি প্রদান করেছে।”
