ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনের দিন মাঠের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে রিয়েল টাইমে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ক্ষেত্রেও যেন ভালোভাবে নির্বাচন সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
সিইসি জানান, নির্বাচনের সময় মাঠের সার্বিক ও চলমান পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে রিয়েল টাইমে মনিটর করা হবে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তিনি বলেন, বর্তমানে নির্বাচনী মাঠের পরিবেশ ভালো রয়েছে।
উপনির্বাচন সামনে রেখে রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে নির্বাচন কমিশন। সিইসি এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, নির্বাচনের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
এদিকে, দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চালু রেখেছে ইসি। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
