BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শক্তি বাড়িয়ে হারিকেন রূপ নিল লালায়!

প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে হারিকেন পরিণত হয়েছে ‘লালা’। শনিবার ঝড়টি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় দ্বীপ বিগ আইল্যান্ডের দিকে এগিয়ে যায়। ১৫৫ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বীপটিতে কোনো হারিকেন সরাসরি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, লালার সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি ছাড়িয়েছে। ফলে এটি ক্যাটাগরি-১ হারিকেনে পরিণত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে ঝড়টির কেন্দ্র বিগ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তের ওপর দিয়ে অথবা খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে।

এরই মধ্যে দ্বীপজুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস। উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। প্রবল বৃষ্টিতে বিভিন্ন জলপথে পানির প্রবাহও বেড়েছে। হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, কোথাও কোথাও প্রতি ঘণ্টায় প্রায় ৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বিগ আইল্যান্ডের উঁচু এলাকায় সর্বোচ্চ প্রায় ৬৩ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্গম ও বিদ্যুৎবিহীন এলাকায় বসবাসকারীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

ঝড়ের প্রভাবে বিগ আইল্যান্ডের প্রায় ৩২ শতাংশ বিদ্যুৎ গ্রাহক ইতোমধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দ্বীপটির জনসংখ্যা প্রায় ২ লাখ ১০ হাজার।

ঝড় মোকাবিলায় স্থানীয় বাসিন্দারাও প্রস্তুতি নিয়েছেন। অনেকে জ্বালানি, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করছেন। জরুরি সেবাদানকারী দলগুলোও প্রস্তুত রয়েছে। সম্ভাব্য বন্যা, ভূমিধস এবং গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়াকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

বিগ আইল্যান্ডে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মাউই, মোলোকাই, লানাই, কাহুলাওয়ে, ওহু, কাউয়াই ও নিহাউ দ্বীপেও সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং কিছু এলাকায় আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।

হাওয়াই বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, ১৮৭১ সালে বিগ আইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ক্যাটাগরি-৩ একটি হারিকেন আঘাত হেনেছিল। এরপর দ্বীপটিতে সরাসরি হারিকেন আঘাতের ঘটনা ঘটেনি। ফলে লালার সম্ভাব্য আঘাতকে দীর্ঘ ১৫৫ বছর পর বড় ধরনের হারিকেনের হুমকি হিসেবে দেখা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মাউই ও বিগ আইল্যান্ডের নিচু এলাকায় ২০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পুরো দ্বীপপুঞ্জে ১০ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যা, ভূমিধস ও শক্তিশালী বাতাসে গাছপালা উপড়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »