টাঙ্গাইল প্রতিনিধি:হেযবুত তওহীদের টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া বিসিক শিল্পনগরীর প্রবীণ মোজাহেদ ও সংগঠনের সবার শ্রদ্ধাভাজন মো. মোতালেব মিয়া আর নেই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মৃত্যুর দিন সকাল ১১টায় নিজ বাসভবনে জানাজা শেষে তাকে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। জানাজায় হেযবুত তওহীদের সদস্য, সহযোদ্ধা ও স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণ করেন। এ সময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
মো. মোতালেব মিয়া ছিলেন হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর সময়কাল থেকে সংগঠনের সঙ্গে যুক্ত একজন একনিষ্ঠ ও মোখলেস মোজাহেদ। সংগঠনের প্রতি তার ভালোবাসা, অসংখ্য ত্যাগ, দান ও সংগ্রামের স্মৃতি হেযবুত তওহীদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
হেযবুত তওহীদের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তিনি দানের ক্ষেত্রে ছিলেন অত্যন্ত উদার মনের অধিকারী। সংগঠনের প্রয়োজনে তার আন্তরিক সহযোগিতা, ত্যাগ ও নিষ্ঠা সহযোদ্ধাদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে হেযবুত তওহীদের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গ্রামবাসী শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
