মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ মোঃ রমজান হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) মির্জাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মির্জাগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান পটুয়াখালী সদর উপজেলার কালিচন্না (৪ নম্বর ওয়ার্ড) এলাকার মোঃ হারুন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের দায়িত্ব পালনকালে খবর পায় যে মির্জাগঞ্জ গ্রামের আরিফ হোসেনের একচালা টিনের ছাপড়া ঘরে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে এসআই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এএসআই মোঃ আরিফ হোসেন, এএসআই সালাউদ্দিন, এএসআই মোঃ রফিকুল ইসলাম ও কনস্টেবল মেহেদী হাসান সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় রমজান হাওলাদারের হেফাজত থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
