ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে ওই অঞ্চলে জাহাজসংশ্লিষ্ট নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই অঞ্চলে নির্বিঘ্নে নৌ চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। তিনি বলেন, হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। এ পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের স্বার্থে দ্রুত নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন।
জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে জাহাজসংশ্লিষ্ট ১৩৬টি নিরাপত্তা ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শুধু অক্টোবরে ৩৫টি এবং নভেম্বরে ১০টি ঘটনা ঘটেছে। সংঘাত শুরুর পর অক্টোবরেই সবচেয়ে বেশি নিরাপত্তা ঘটনার রেকর্ড হয়েছে।
এদিকে শনিবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালির নিষিদ্ধ বা সীমাবদ্ধ এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের নৌবাহিনী সতর্ক করে বলেছে, নিষিদ্ধ এলাকায় চলাচলকারী জাহাজগুলো মাইনের আঘাতে আগুনের মুখে পড়তে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত রয়েছে। তবে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিওর সর্বশেষ প্রতিবেদন বলছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির এই অস্থিতিশীল পরিস্থিতি শুধু নৌ চলাচলেই প্রভাব ফেলছে না, বরং বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। এর ফলে জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে তার প্রভাব আন্তর্জাতিক জ্বালানিবাজার, পণ্য পরিবহন এবং বিশ্ব অর্থনীতিতে আরও বিস্তৃত হতে পারে।
সূত্র: আল জাজিরা
