BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে এবং এ জন্য নির্বাচন পদ্ধতিতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ভোলার প্রাকৃতিক গ্যাসের ন্যায্য অধিকার স্থানীয় বাসিন্দাদের নিশ্চিত করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্পিকার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং এটি অত্যন্ত প্রয়োজন। তাঁর দাবি, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামী নির্বাচনে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান।

নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, কেউ অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদেরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সহজ হয়।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্পিকার বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে নির্বাচনি ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা এবং স্থানীয় মানুষের গ্যাস পাওয়ার অধিকার নিয়েও কথা বলেন স্পিকার। তাঁর ভাষ্য, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে এবং সেখানে আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনা আছে। এই গ্যাসের সুফল ভোলার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

স্পিকার বলেন, ভোলার মানুষ দীর্ঘদিন ধরে গ্যাসের জন্য কষ্ট করছেন। গ্যাস পাওয়া তাঁদের ন্যায্য অধিকার এবং এটি দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।

নিজের নির্বাচনি এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -