BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

‘আসিফ বিয়ে না করলে বাঁচব না’, প্রেমিকের বাড়িতে তরুণী!

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণী। তাঁর দাবি, এক বছর ধরে প্রেমের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিলেও এখন তাঁকে এড়িয়ে চলছেন প্রেমিক আসিফ মাহমুদ (২১)। বৃহস্পতিবার সকালে প্রেমিকের বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে সেখানেই অবস্থান নেন তরুণী। এ সময় আসিফকে বিয়ে করতে না পারলে আত্মহত্যার হুমকিও দেন তিনি। অন্যদিকে, ঘটনার পর থেকে প্রেমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়া গ্রামে আসিফ মাহমুদের বাড়িতে যান ওই তরুণী। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাঁদের দুজনের মধ্যে খালাতো ভাই-বোনের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

তরুণীর ভাষ্য, আত্মীয়তার সম্পর্কের কারণে আসিফের সঙ্গে আগে থেকেই তাঁর পরিচয় ছিল। সেই সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত কথা বলতেন তাঁরা। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর ধরে চলা এই সম্পর্কের সময় আসিফ তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে গোপনে দেখা করতেন বলে অভিযোগ করেন তিনি।

তরুণীর দাবি, এখন বিয়ের কথা বলতেই আসিফ তাঁকে এড়িয়ে যাচ্ছেন। এ কারণে বাধ্য হয়ে বিয়ের দাবিতে তাঁর বাড়িতে এসেছেন তিনি। বৃহস্পতিবার সকালে আসিফের ঘরে প্রবেশ করেও তাঁকে পাননি। পরে বাড়ির উঠানে অবস্থান নেন ওই তরুণী।

নিজের অবস্থান জানিয়ে তরুণী বলেন, ‘ও বিয়ে না করলে বাঁচব না। এটাই আমার শেষ কথা।’

এদিকে, ঘটনার পর থেকে আসিফ মাহমুদ বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আসিফের বাবা আবু হাশেম জানান, ছেলেকে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু আসিফ বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে চলে গেছেন।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। তবে প্রেমের সম্পর্ক ও বিয়ের আশ্বাস নিয়ে তরুণীর করা অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »