রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মাহফিলস্থল থেকে ৬৫ নারীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন মূলত পকেটমারির উদ্দেশ্যে। বড় জমায়েতকে কাজে লাগিয়ে চুরির পরিকল্পনা ছিল তাদের।
শনিবার (২৮ নভেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল মাহফিলে আসা মানুষের ভিড়ের মধ্যে পকেটমারি করা। গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে এ তাফসির মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন বিশিষ্ট ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।
আয়োজকদের ধারণা, মাহফিলে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষ রাজশাহীতে সমবেত হতে পারেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক ৬৫ নারীর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
