BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ওয়াশিংটন বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় দুই উড়োজাহাজের ডানায় সংঘর্ষ!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়ের দিকে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের ডানায় সংঘর্ষ হয়েছে। এতে উড়োজাহাজ দুটির ডানা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর উড়োজাহাজ দুটি গেটে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, ডালাস-ফোর্ট ওয়ার্থগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮-এর সঙ্গে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরগামী ফ্লাইট ২১৫২-এর ডানায় সংঘর্ষ হয়। উভয় উড়োজাহাজ তখন রানওয়ের দিকে যাওয়ার প্রস্তুতিতে ট্যাক্সিং করছিল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংস্থাটি।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, সংঘর্ষের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দুটি পুনরায় নির্ধারিত গেটে ফিরিয়ে নেওয়া হয়। পরে রক্ষণাবেক্ষণ দলের পরীক্ষা-নিরীক্ষার জন্য উড়োজাহাজ দুটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে দ্রুত তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ঘটনার সময় শিকাগোগামী ফ্লাইট ২১৫২-এর এক যাত্রী বিবিসিকে জানান, উড্ডয়নের প্রস্তুতির সময় হঠাৎ উড়োজাহাজের ডান পাশে বড় ধরনের ঝাঁকুনি অনুভূত হয়। সংঘর্ষের মুহূর্তে পুরো উড়োজাহাজ কেঁপে ওঠে। এতে কেবিনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই যাত্রী আরও জানান, জানালা দিয়ে বাইরে তাকিয়ে মাটিতে উড়োজাহাজের ডানার একটি ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে উড়োজাহাজটি গেটে ফেরার সময় একটি ট্রাককে ওই ভাঙা অংশ সরিয়ে নিতে দেখেন।

উল্লেখ্য, একই বিমানবন্দরে ২০২৫ সালের জানুয়ারিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝআকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৬৭ জন প্রাণ হারান।

হোয়াইট হাউজ ও পেন্টাগনের কাছাকাছি অবস্থিত রোনাল্ড রিগান বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর। গত বছরের দুর্ঘটনার পর বিমানবন্দরটির আশপাশে সামরিক হেলিকপ্টারের চলাচল নিয়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে চলতি সপ্তাহে মার্কিন সেনাবাহিনী গত বছর থেকে বন্ধ থাকা সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক ফ্লাইট আবার শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিল।

সূত্র: বিবিসি ও সিএনএন

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -