BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইতালির পার্লামেন্টে পাস হলো বিতর্কিত শিক্ষা আইন, স্কুলে নিষিদ্ধ বোরকা-নিকাব!

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চূড়ান্ত শিক্ষা সংস্কার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। নতুন এই আইনে স্কুল চলাকালে মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ করার পাশাপাশি প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধানও রাখা হয়েছে। তবে নতুন আইনটি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ ‘চেম্বার অব ডেপুটিজ’-এ আইনটি পাস হয়। ভোটাভুটিতে বিলটির পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে। এ সময় চারজন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন। এর আগে গত ২০ নভেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আইনটি পাস হয়েছিল। ফলে উভয় কক্ষের অনুমোদনের মধ্য দিয়ে শিক্ষা সংস্কার আইনটি চূড়ান্তভাবে পাস হলো।

নতুন আইন অনুযায়ী, এখন থেকে ইতালির স্কুলগুলোতে শিক্ষার্থীরা বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখা পোশাক পরতে পারবে না। কেউ এই বিধিনিষেধ অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো বা প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলার জরিমানা হতে পারে। কোনো শিক্ষার্থী নাবালক হলে তার বাবা-মা অথবা আইনি অভিভাবককে এ জন্য দায়ী করা হবে।

শুধু পোশাকের ক্ষেত্রেই নয়, বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়েও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষা সংস্কার আইনের আওতায় প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না।

এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর ব্যবস্থাও রাখা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারকেও ইতালির শিক্ষাব্যবস্থা ও সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করার কথা বলা হয়েছে।

আইনটি পাসের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এটি বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ। এর লক্ষ্য ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, ‘ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান’ বা পিএনআরআরের আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারার শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।

এর আগে গত ২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় শিক্ষা সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেখানে স্কুলে মুসলিম ছাত্রীদের বোরকা ও নিকাব পরার প্রসঙ্গে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের অবশ্যই মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে উৎসাহিত করা উচিত নয়, যা কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে চলতে উৎসাহিত করে।

বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেছিলেন মেলোনি। তাঁর মতে, যেসব বিদেশি শিক্ষার্থীর ইতালীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে অভিভাবকদের ইতালীয় ভাষা শেখানো এবং স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করার বিষয়টিও সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছিলেন তিনি।

এর ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। প্রায় দুই মাস পর পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদনের মধ্য দিয়ে সেটি চূড়ান্ত আইনে পরিণত হলো।

তবে নতুন এই শিক্ষা সংস্কার আইন নিয়ে ইতালির বিরোধী দলগুলো তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, আইনটি দেশটির শিক্ষাব্যবস্থার প্রকৃত সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে না। বরং শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »