ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এর জেরে সামনে জ্বালানির ‘মূল্য সংকটে’ পড়তে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমন পরিস্থিতির আশঙ্কা জানিয়ে সদস্য দেশগুলোকে আগেভাগেই প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়েছেন ইইউর জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন।
শুক্রবার ইইউভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে জর্গেনসেন বলেন, সরবরাহ সংকটের সঙ্গে সম্পর্কিত একটি মূল্য সংকটের মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

তবে ২০২১ সালের শীতের তুলনায় এবার ইইউ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বলে জানান তিনি। ওই সময় রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছিল।
এবারও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন জর্গেনসেন। তিনি সদস্য দেশগুলোকে গ্যাসের মজুদ বাড়ানোর কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করতে বলেছেন।
ইইউর জ্বালানি কমিশনার আরও বলেন, পরিস্থিতির প্রয়োজন যত দিন থাকবে, তত দিন এসব পদক্ষেপ চালু রাখার বিষয়টি বিবেচনা করা উচিত।
