নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি দল দোকানে ঢুকে মালিককে মারধর করে স্বর্ণালঙ্কার ও রুপা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক। ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ১০-১২ জনের একটি দল তার দোকানে প্রবেশ করে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করা হয়।
তিনি অভিযোগ করেন, ডাকাত দলের সদস্যরা দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণ নিয়ে যায়। পরে দোকানের সিন্দুক ও ড্রয়ারে থাকা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার কিছু অংশ ধরা পড়ে। পরে সেই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লুণ্ঠনকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
