দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন তিনি। তবে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একইভাবে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর চিন্তাভাবনাও করা হচ্ছে না।
তিনি আরও বলেন, আলাদা করে নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধ দমন এবং মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অপরাধী চক্র, চাঁদাবাজি ও দখলসংক্রান্ত অপরাধের প্রেক্ষাপটে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে তখনও নতুন কোনো অভিযানের নাম বা কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বৃহস্পতিবারের বক্তব্যে স্পষ্ট হলো, সরকার ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা করছে না। বরং বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
