দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকিতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—
১. মো. মিজানুর রহমান হাওলাদার (৪৬), পিতা- মৃত আব্দুল মান্নান হাওলাদার, সাং- কাউয়ার চর (দিনারের পোল), থানা- বন্দর, জেলা- বরিশাল।
২. মো. রুবেল শিকদার (৩২), পিতা- মৃত ফিরোজ শিকদার, সাং- আয়রন, ইউপি- কাউখালী সদর, থানা- কাউখালী, জেলা- পিরোজপুর।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে দুমকি থানার এএসআই (নিরস্ত্র) মো. শাহবাজ ও এএসআই শাহরিয়ার আলম রাকিব সঙ্গীয় ফোর্সসহ লেবুখালী টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে বিশেষ মাদক উদ্ধার ও চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহিম মোল্লা বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য ও গাড়িটি জব্দ করেন।
এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং- ১১, তারিখ- ১২ নভেম্বর ২০২৬) রুজু করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
