জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি ফ্লাইটে পাঁচটি কারিগরি ত্রুটি পাওয়া গেছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উড়োজাহাজটির বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যবস্থায় এসব ত্রুটির তথ্য উঠে এসেছে। ঘটনায় কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গত ২৯ অক্টোবর জাপান সফর শেষে দেশে ফিরছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
পরে বিমানের নিজস্ব প্রকৌশল দল ও জাপানি প্রযুক্তিবিদদের দীর্ঘ প্রচেষ্টায় ত্রুটি মেরামত করা হয়। এরপর নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিশেষ এই উড়োজাহাজ।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিমান কর্তৃপক্ষ। তদন্তের অংশ হিসেবে উড়োজাহাজটির কারিগরি লগ বই ও রক্ষণাবেক্ষণের নথি পর্যালোচনা করা হয়।
এতে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ ব্যবস্থা, পিটট হিটিং ব্যবস্থা এবং উড়োজাহাজের ডান ও বাম পাশের র্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
বিমানের একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এ ঘটনায় বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্পয়লার ঠিকমতো কাজ না করলে তা সেন্সর ও উড়োজাহাজের কারিগরি সমস্যার ইঙ্গিত দেয়। যাত্রীদের নিরাপত্তাই সবকিছুর আগে অগ্রাধিকার পাওয়া উচিত। প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির যাত্রার ক্ষেত্রে উড়োজাহাজের প্রতিটি বিষয় ভালোভাবে পরীক্ষিত থাকা প্রয়োজন। তদন্তে কোনো ত্রুটি বা গাফিলতি পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
