শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি, উদ্যোগ ও চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন তিনি।
সফরে বিশেষ করে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশে অবস্থানকালে ফরিদা শহীদ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষা খাতের অন্যান্য কর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরকালে দেশের বিভিন্ন পর্যায়ের মানুষের কাছ থেকে শিক্ষার অধিকারসংক্রান্ত অভিজ্ঞতা ও মতামত জানার পাশাপাশি শিক্ষা খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেবেন তিনি।
সফর শেষে বাংলাদেশের শিক্ষার অধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করবেন ফরিদা শহীদ। আগামী ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে বাংলাদেশ সফরের প্রতিবেদনটি উপস্থাপন করার কথা রয়েছে।
জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে তার এ সফরে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সবার জন্য সমান সুযোগ, মানসম্মত সরকারি শিক্ষা এবং শিক্ষা খাতে অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে পর্যালোচনার আওতায় আসবে।
