BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে আনা হবে, অন্যথায় কড়া নজরদারিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে ‘শেখ আসবে না’ বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ‘সে (শেখ হাসিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে শেখ আসবে না। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দেশে আনা হবে, না হয় কড়া নজরদারিতে।’

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতও নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, শেখ হাসিনাকে নিয়ে কী করা হবে, তা নিয়ে ভারতও অস্বস্তিতে রয়েছে। সেখানে অবস্থান করে তাঁর বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে এবং ভারতও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করছে।

বিষয়টি বোঝাতে গিয়ে হুমায়ুন কবির একটি উদাহরণ দেন। তিনি বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, ওই ব্যক্তি সেখানে এমন আচরণ করছেন এবং নানা ধরনের কথা বলছেন যে তাঁকে বের করাও যাচ্ছে না, আবার তাঁর আচরণ সহ্য করাও কঠিন হয়ে পড়ছে, তাহলে সেটি বিরক্তিকর পরিস্থিতিতে পরিণত হয়।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত-বাংলাদেশের আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে এ বিষয়ে নিজেদের অনুরোধ জানিয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রীর এই বক্তব্য এমন সময় এল, যখন বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও প্রত্যর্পণ প্রক্রিয়া ঘিরে আগ্রহ রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »