সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর শেষযাত্রায় শারীরিক অসুস্থতার মধ্যেও পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ১০০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক। মোটরচালিত হুইলচেয়ারে বসে অক্সিজেনের নল লাগানো অবস্থায় তিনি স্ত্রীকে শেষ বিদায় জানান।
মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সিতি হাসমাহর শেষকৃত্য ঘিরে মালয়েশিয়াজুড়ে শোকের আবহ তৈরি হয়। পারিবারিক বাসভবন থেকে শেষ শ্রদ্ধা ও জানাজার জন্য তার মরদেহ তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে নেওয়া হয়। সেখানে জানাজায় অংশ নিতে হাজারো মানুষ জড়ো হন। মসজিদের ভেতরের পাশাপাশি আশপাশের এলাকাও মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

শেষ শ্রদ্ধা জানানোর সময় মাহাথিরকে বিষণ্ন দেখাচ্ছিল। স্ত্রীকে শেষবারের মতো দেখতে গিয়ে কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে মরদেহের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। এরপর তিনি জানাজার নামাজে অংশ নেন।
জানাজা শেষে সিতি হাসমাহর মরদেহ পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে নেওয়া হয়। সেখানেও মোটরচালিত হুইলচেয়ারে বসেই স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া দেখেন মাহাথির। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
প্রায় সাত দশকের দাম্পত্য জীবনের পর জীবনসঙ্গীকে হারিয়ে গভীর শোকে কাতর মাহাথির। শারীরিক অসুস্থতার মধ্যেও শেষ মুহূর্ত পর্যন্ত স্ত্রীর পাশে থেকে তাকে বিদায় জানান মালয়েশিয়ার এই প্রবীণ রাজনীতিক।
