ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৬। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ২৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার বা ২২২ দশমিক ৮ মাইল গভীরে।
গভীর ভূমিকম্প হওয়ায় এর প্রভাব কতটা বিস্তৃত ছিল, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই বিভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। সর্বশেষ এই ভূমিকম্পের পরও স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: আনাদুলু এজেন্সি
