গাজীপুর সংবাদদাতা:‘বিশ্বাসেই মিলে ভক্তি’- প্রচলিত এই কথাটির যেন বাস্তব প্রতিফলন দেখা যায় গাজীপুরের কালিয়াকৈরের কথিত 'ষাঁড়ের পুকুরে'। মনের বাসনা পূরণের প্রত্যাশায় দূর-দূরান্ত থেকে এখানে আসেন বিভিন্ন বয়সী মানুষ। বিশ্বাস থেকে কেউ পুকুরে দিচ্ছেন নগদ টাকা, কেউ ঢালছেন দুধ। আবার কেউ কেউ নিজেদের মনোবাঞ্ছা পূরণের আশায় পুকুর প্রাঙ্গণে মোরগ উৎসর্গ করছেন।
স্থানীয়দের বিশ্বাস ও দীর্ঘদিনের প্রচলিত আচারকে ঘিরে এই পুকুরকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক ধরনের আধ্যাত্মিক আবহ। তবে এসব বিশ্বাসের বাস্তব ভিত্তি বা মনোবাঞ্ছা পূরণের বিষয়টি ব্যক্তিভেদে বিশ্বাস ও উপলব্ধির ওপরই নির্ভরশীল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক যুগ আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকায় দুটি ষাঁড় গরু ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরেই এই পুকুরকে নিয়ে নানা অলৌকিক বিশ্বাসের প্রচলন শুরু হয়।
স্থানীয়দের দাবি, কয়েক যুগ আগে পুকুরটিতে দুটি ষাঁড় ডুবে যায়। কিছুক্ষণ পর সেগুলো আবার জীবিত অবস্থায় ভেসে ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে পুকুরটির নামকরণ হয় ‘ষাঁড়ের পুকুর’।
তবে পুকুরটির সৃষ্টি, নামকরণ এবং কথিত ঘটনার প্রকৃত কারণ বা রহস্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে এ পুকুরকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে নানা ধরনের বিশ্বাস, লোককথা ও মতভেদ।
ষাঁড়ের পুকুরে মনোবাঞ্ছা পূরণের আশায় মানত করতে আসা ব্যক্তিরা জানান, বিশ্বাসের জায়গা থেকেই তারা এর আগে এখানে মানত করেছিলেন এবং নিজেদের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন। সেই বিশ্বাস থেকেই এবারও তারা নিজেদের মনোবাঞ্ছা পূরণের আশায় এ পুকুরে মানত করতে এসেছেন।
একজন শিক্ষার্থী জানান, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো ফলাফল করার প্রত্যাশায় পরীক্ষার আগে তিনি এ পুকুরে মানত করেছিলেন। পরবর্তীতে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ভালো ফলাফল করেন। তাঁর মতে, পুকুরটিতে মানত করার সঙ্গে সেই সাফল্যের একটি আধ্যাত্মিক যোগসূত্র রয়েছে।
শুধু শিক্ষার্থীই নয়, একজন প্রবাসীও জানান, বিদেশে যাওয়ার আগে ভালো উপার্জনের প্রত্যাশায় তিনি এ পুকুরে মানত করেছিলেন। পরবর্তীতে বিদেশে গিয়ে তিনি ভালো উপার্জনের সুযোগ পেয়েছেন বলে জানান। তাঁর বিশ্বাস, মানতের সঙ্গে তাঁর এই সাফল্যের সম্পর্ক রয়েছে।
তবে এসব অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস ও উপলব্ধির বিষয়। এর বৈজ্ঞানিক বা প্রামাণ্য সত্যতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
