প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে আলোচনার মাধ্যমে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর ভারত সফরসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সফরটি নিয়ে বাংলাদেশ ও ভারত—দুই দেশই কাজ করছে। ঢাকা ও দিল্লির সুবিধাজনক সময়ে আলোচনার মাধ্যমে সফরের তারিখ চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থ সুরক্ষিত রেখে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা তার অন্যতম দায়িত্ব। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
