মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ,প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাওনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর)সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের উত্তর মজিদবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাওন উত্তর মজিদবাড়িয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোহাম্মদ মনিরুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর আওতায় ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে সরকার। নিষেধাজ্ঞা সত্ত্বেও গত সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য মির্জাগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়, যেখানে শফিকুল ইসলাম শাওনকে সহ-সভাপতি করা হয়েছে।
মির্জাগঞ্জ থানা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শফিকুল ইসলাম শাওনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শাওনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো তৎপরতা রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
