পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে বদলে যাচ্ছে স্থানীয় জনপদের চিত্র। রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসা হাজারো বিদেশি কর্মীর বসবাস, কাজ ও দৈনন্দিন জীবনযাত্রার প্রভাবে গড়ে উঠেছে নতুন বাজার, বিপণিবিতান, রেস্তোরাঁ ও রিসোর্ট। তাঁদের সঙ্গে স্থানীয় মানুষের যোগাযোগ থেকে তৈরি হয়েছে রুশ-বাংলা মিশ্র ভাষা, বেড়েছে ব্যবসা-বাণিজ্য, শুরু হয়েছে নতুন ধরনের সবজির চাষ। এমনকি কেনাকাটা ও পরিচয়ের গণ্ডি পেরিয়ে কোথাও কোথাও গড়ে উঠেছে প্রেমের সম্পর্ক, হয়েছে বিয়ে, শুরু হয়েছে সংসারও। সব মিলিয়ে রূপপুরের আশপাশে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ।
ঈশ্বরদীর দিয়ার সাহাপুর গ্রামের গ্রিন সিটি আবাসিক এলাকার পাশের বাজারে এখন প্রতিদিনই দেখা যায় এক ভিন্ন দৃশ্য। রুশ নাগরিকেরা বাজারে প্রবেশ করতেই স্থানীয় দোকানিরা তাঁদের ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। জবাবে রুশ নাগরিকেরাও হাসিমুখে বলেন, ‘বন্ধু’। এই একটি শব্দই হয়ে উঠেছে দুই দেশের মানুষের যোগাযোগের অন্যতম পরিচিত মাধ্যম।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে রাশিয়া থেকে এসেছেন বিজ্ঞানী, প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মী। তাঁদের আবাসনের জন্য নির্মাণ করা হয়েছে গ্রিন সিটি। বিদেশি কর্মীদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে গিয়ে আশপাশে গড়ে উঠেছে নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তাঁদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে শিখেছেন রুশ ভাষার বেশ কিছু শব্দ। অন্যদিকে রুশ নাগরিকেরাও শিখছেন বাংলা ভাষার প্রয়োজনীয় শব্দ।
গ্রিন সিটি বাজারের একটি ওষুধের দোকানের নাম ‘আপ্তেকা’। রুশ ভাষায় এর অর্থ ওষুধের দোকান। দোকানটির নামও বড় অক্ষরে রুশ ভাষায় লেখা হয়েছে। কারণ, এখানকার ক্রেতাদের বড় একটি অংশ রুশ নাগরিক। তাঁদের সুবিধার কথা বিবেচনা করে দোকানের নাম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডেও যুক্ত হয়েছে রুশ ভাষা।
শুরুর দিকে রুশ ভাষা না জানায় স্থানীয় দোকানিদের জন্য বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা বেশ কঠিন ছিল। ক্রেতারা পছন্দের পণ্য দেখিয়ে দিতেন, আর দোকানিরা ক্যালকুলেটরে দাম লিখে তাঁদের সামনে ধরতেন। ধীরে ধীরে প্রয়োজনের তাগিদে দুই পক্ষই একে অপরের ভাষার কিছু শব্দ শিখে নিয়েছেন।
এখন বাজারের অনেক দোকানিই রুশ ভাষায় পণ্যের নাম ও দামদরের প্রয়োজনীয় শব্দ জানেন। যেমন, রুশ নাগরিকদের কাছে এক হাজার টাকা পরিচিত ‘টিসিসি’, ৫০০ টাকা ‘পিসত’, ২০০ টাকা ‘দেরিস্তো’, ১০০ টাকা ‘ইস্তো’, ৫০ টাকা ‘পিসা’ এবং ২০ টাকা ‘দোয়াসে’ নামে। এসব শব্দের ব্যবহার তাঁদের কেনাকাটাকে অনেক সহজ করে তুলেছে।
শুধু ভাষা নয়, রুশ নাগরিকদের খাবারের পছন্দও প্রভাব ফেলেছে স্থানীয় বাজারে। তাঁরা সাধারণত টাটকা সবজি কিনতে পছন্দ করেন। তাঁদের চাহিদা অনুযায়ী দোকানগুলোতে আলু, ফুলকপি, গাজর, শসা, লেটুসপাতা ও লেবুর সরবরাহ বেশি রাখা হয়। এমনকি তাঁদের জন্য স্থানীয়ভাবে কিছু নতুন ধরনের সবজির চাষও শুরু করেছেন কৃষকেরা।
গ্রিন সিটি এলাকায় দিনের তুলনায় বিকেল ও সন্ধ্যায় মানুষের আনাগোনা বেশি দেখা যায়। কাজ শেষে অনেক রুশ নাগরিক আবাসনে ফিরে রান্না করতে চান না। তাই তাঁরা আশপাশের রেস্তোরাঁগুলোতে রাতের খাবার খেতে চলে আসেন।
এখানকার রেস্তোরাঁগুলোতে বাঙালি খাবারের তুলনায় রুশ নাগরিকদের পছন্দের খাবারের চাহিদা বেশি। সালাদ, পাস্তা ও নুডলস তাঁদের খাবারের তালিকায় উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে। ভাত, মাছ, ডাল কিংবা বিরিয়ানির মতো প্রচলিত বাঙালি খাবার এসব রেস্তোরাঁয় সাধারণত খুব একটা দেখা যায় না। তবে বিকেলের নাশতায় শিঙাড়া, সমুচা ও পুরির মতো বাঙালি খাবারও অনেক রুশ নাগরিকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।
তিন বছর ধরে সেখানে কাজ করছেন ইউগেনি নামের এক রুশ নাগরিক। তিনি প্রায়ই ‘রাশিয়ান কিচেন’ নামের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খান। স্থানীয় খাবার ও পরিবেশের সঙ্গেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি।
ছুটির দিনে রেস্তোরাঁগুলোতে ভিড় আরও বাড়ে। কেউ ঈশ্বরদী সদর কিংবা পাবনা শহরের বিভিন্ন রিসোর্টে ঘুরতে যান। সেখানে সুইমিংপুল, জিমসহ বিনোদনের নানা ব্যবস্থা রয়েছে। আবার কেউ আশপাশের গ্রামেও ঘুরে বেড়ান।
গ্রিন সিটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড় একটি বাজার। সেখানে ছোট ও মাঝারি দোকানের সংখ্যা তিন শতাধিক। পাশাপাশি রয়েছে তিন থেকে চারতলা বেশ কয়েকটি বিপণিবিতান। স্থানীয়দের কাছে পুরো এলাকাটি এখন ‘গ্রিন সিটি মার্কেট’ নামে পরিচিত।
এখানে গড়ে উঠেছে পার্পেল সিটি, বিশ্বাস শপিং কমপ্লেক্স, মাত্রেওশকা ও মেম্বার মার্কেটের মতো বিপণিবিতান। এসব প্রতিষ্ঠানে রয়েছে জিম, সেলুন, রেস্তোরাঁ, মুদি দোকান, গয়না, ইলেকট্রনিকস ও মুঠোফোনের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান।
একসময় এসব এলাকায় ছিল ফসলি জমি ও ধান শুকানোর ছোট ছোট চাতাল। কিন্তু বিদেশি কর্মীদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে গড়ে উঠেছে দোকানপাট ও বিপণিবিতান। বেড়েছে জমির দামও। আগে সড়কসংলগ্ন যেসব জমির দাম প্রতি বিঘা ৩০ থেকে ৪০ লাখ টাকা ছিল, বর্তমানে সেসব এলাকায় প্রতি কাঠা জমির দাম দাঁড়িয়েছে ১৫ থেকে ২০ লাখ টাকা।
জমির দামের পাশাপাশি বেড়েছে দোকানভাড়াও। গ্রিন সিটি এলাকায় ১৪ ফুট বাই ১২ ফুট আয়তনের একটি দোকান এবং সামনের কিছু খালি জায়গার মাসিক ভাড়া ৩০ হাজার টাকা পর্যন্ত। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, এখানে এখন দোকান পাওয়াই কঠিন হয়ে পড়েছে।
শুধু গ্রিন সিটি নয়, রুশ নাগরিকদের চাহিদাকে কেন্দ্র করে ঈশ্বরদী ও পাবনা শহরেও গড়ে উঠেছে নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠান। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ঈশ্বরদীতে নতুন চারটি রিসোর্ট, প্রায় ১০টি রেস্তোরাঁ, ১৫টি বেসরকারি হাসপাতাল এবং পাঁচটি বড় বিপণিবিতান তৈরি হয়েছে। অন্যদিকে পাবনা শহরে গড়ে উঠেছে দুটি রিসোর্ট ও অন্তত পাঁচটি নতুন রেস্তোরাঁ। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
রূপপুরে বিদেশি নাগরিকদের বসবাসের প্রভাব পড়েছে স্থানীয় কৃষিতেও। পাবনা ও ঈশ্বরদী আগে থেকেই দেশের অন্যতম সবজি উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। তবে রুশ নাগরিকদের চাহিদার কারণে এখন প্রচলিত সবজির পাশাপাশি নতুন কিছু সবজির চাষও শুরু হয়েছে।
ঈশ্বরদীর কৃষক আবদুল কাদের প্রামাণিক প্রথম দিকে রুশদের পছন্দের ‘উগ্রব’ নামের একধরনের সবজির চাষ শুরু করেন। প্রথমে মাত্র তিন কাঠা জমিতে এই সবজি চাষ করলেও বর্তমানে তাঁর চাষের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে চার বিঘায়। তাঁর সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও এ ধরনের সবজি চাষে আগ্রহী হয়েছেন।
বর্তমানে স্থানীয়ভাবে লেটুস, সেলারি পাতা, থাইম, লেমন গ্রাস, বেসিল পাতা ও চায়নিজ পুদিনার মতো সবজির চাষ হচ্ছে। এসব সবজির প্রধান ক্রেতা গ্রিন সিটি বাজারের দোকান ও রেস্তোরাঁগুলো। ফলে বিদেশি নাগরিকদের খাদ্যাভ্যাস স্থানীয় কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করেছে।
রূপপুরে বিদেশি নাগরিকদের সঙ্গে স্থানীয় মানুষের সম্পর্ক এখন আর শুধু কেনাকাটা কিংবা কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। কোনো কোনো ক্ষেত্রে এই পরিচয় গড়িয়েছে প্রেম, বিয়ে ও সংসার পর্যন্ত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন দুই দম্পতির সন্ধান পাওয়া গেছে, যাঁরা কাজাখস্তানের নাগরিক। তাঁদের সঙ্গে চলাফেরার সূত্রে দুই বাংলাদেশি তরুণীর পরিচয় হয়। পরে সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর আগে তাঁরা বিয়ে করে বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন।
দুই দম্পতির একজনের ঘরে রয়েছে এক বছরের একটি ছেলেসন্তান। অন্য দম্পতির স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। তবে তাঁরা কেউই নিজেদের পরিচয় প্রকাশ করতে আগ্রহী হননি।
এ ছাড়া বিদেশি নাগরিকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের আরও কিছু প্রেম ও বিয়ের ঘটনা এলাকার মানুষের মুখে শোনা গেলেও সেসব ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের আবাসনের জন্য প্রায় ৩৭ একর জায়গার ওপর গড়ে তোলা হয়েছে গ্রিন সিটি আবাসিক এলাকা। এখানে মোট ২০টি বহুতল ভবন রয়েছে। এর মধ্যে ২০ তলা ভবন ১০টি, ১৬ তলা ভবন আটটি এবং ১৫ তলা ভবন দুটি।
২০টি ভবনের মধ্যে ১৯টিতে বসবাস করেন বিদেশি নাগরিকেরা। তাঁদের অধিকাংশই রাশিয়ার নাগরিক। এ ছাড়া অল্পসংখ্যক বেলারুশ ও কাজাখস্তানের নাগরিকও রয়েছেন। বাকি একটি ভবনে থাকেন বাংলাদেশি কর্মকর্তারা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা রুহুল কুদ্দুসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রিন সিটিতে প্রায় ৪ হাজার ৮০০ বিদেশি নাগরিক বসবাস করছেন। তবে তাঁদের সংখ্যা সব সময় এক থাকে না। সাধারণত নির্দিষ্ট মেয়াদে চুক্তিভিত্তিক কাজ করতে তাঁরা বাংলাদেশে আসেন। চুক্তির মেয়াদ শেষ হলে কেউ ফিরে যান, আবার নতুন কর্মীরা যোগ দেন।
প্রথম দিকে রুশ নাগরিকেরা সাধারণত পরিবার নিয়ে বাংলাদেশে আসতেন না। তবে সম্প্রতি তাঁদের জন্য পারিবারিক ভিসা দেওয়া শুরু হয়েছে। যদিও এখনো পরিবার নিয়ে আসা রুশ নাগরিকের সংখ্যা তুলনামূলক কম।
রুশ নাগরিকদের সঙ্গে স্থানীয় মানুষের সম্পর্কের মধ্যে আন্তরিকতা তৈরি হলেও এখনো কিছুটা দূরত্ব রয়েছে। বাজারে তাঁদের ‘বন্ধু’ বলে সম্বোধন করা হলেও অধিকাংশ রুশ নাগরিক প্রয়োজনীয় কেনাকাটা শেষ করেই দ্রুত আবাসনে ফিরে যান। সাধারণত একা কিংবা দুজন মিলে বাজারে আসেন। দলবেঁধে ঘোরাঘুরি কিংবা দোকানের সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় আড্ডা দেওয়ার দৃশ্য খুব একটা দেখা যায় না।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, কেনাকাটার প্রয়োজনীয় কথাবার্তার বাইরে রুশ নাগরিকদের সঙ্গে তাঁদের খুব বেশি যোগাযোগ হয় না। বিদেশি নাগরিকেরাও নিজেদের ব্যক্তিগত জীবন কিংবা কাজের বিষয়ে বেশি কিছু বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরাও তাঁদের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকেন।
সব মিলিয়ে রূপপুরকে ঘিরে গড়ে উঠেছে এক নতুন জীবনযাত্রা। যেখানে রুশ ও বাংলা ভাষার মিশ্রণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, কৃষিতে নতুন সম্ভাবনা এবং দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি প্রেম-বিয়ের ঘটনাও দেখা যাচ্ছে। তবে এই সম্পর্কের বড় অংশ এখনো দৈনন্দিন প্রয়োজন ও ব্যবসায়িক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ। স্থানীয়দের মুখে রুশ নাগরিকদের পরিচিত সম্বোধন ‘বন্ধু’ হলেও সেই বন্ধুত্বের আড়ালে এখনো রয়ে গেছে নিজস্ব গণ্ডি ও কিছুটা দূরত্ব।
