BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রেস্তোরাঁর খাবার খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরো পরিবার

রেস্তোরাঁ থেকে কিনে আনা খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই খাবার খেয়ে শিশুটির বাবা-মা ও দুই বোনসহ পরিবারের আরও চার সদস্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সুরাটের রানুজাধাম সোসাইটির বাসিন্দা অশোকভাই কালসারিয়ার পরিবার স্থানীয় ‘শীতল রেস্তোরাঁ’ থেকে ‘কাজু-পনির কারি’ কিনে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ওই খাবার রাতের খাবার হিসেবে খান।

খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পরই পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করে। গত ১৬ আগস্ট ভোর ৪টার দিকে অশোকভাই ও তার এক মেয়ে তীব্র পেটব্যথায় আক্রান্ত হন। পরে সকালে তাদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তবে চিকিৎসা নেওয়ার পরও তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে পরিবারের অন্য সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সবার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাদের শহরের সদ্বিচার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নেওয়ার মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচ বছর বয়সী আর্যা। পরিবারের অন্য চার সদস্যের অবস্থাও গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ার কারণেই পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ‘ফুড পয়জনিং’ বা খাদ্যে বিষক্রিয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসনে ব্যাপক তৎপরতা শুরু হয়। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল্ল পানসেরিয়া স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

চিকিৎসাধীন পরিবারের সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্ত ‘শীতল রেস্তোরাঁ’ অবিলম্বে সিলগালা করার নির্দেশ দেন তিনি।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। একই সঙ্গে খাবারের মান ও খাদ্যে বিষক্রিয়ার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

একটি রেস্তোরাঁর খাবার খেয়ে একই পরিবারের এক শিশুর মৃত্যু এবং অন্য সদস্যদের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: এনডিটিভি

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »