রাজধানীর যাত্রাবাড়ীর কাজীরগাঁওয়ে ‘সবার জন্য বাংলাদেশ’ সামাজিক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ওপর পরিকল্পিত সশস্ত্র হামলা, কারখানায় লুটপাট ও কার্যালয় জবরদখলের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনটির আহ্বায়ক হোসাইন মোহাম্মদ সেলিম।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “সমাজে দুর্নীতি, জুলুম ও দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলা নাগরিকের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে একজন প্রবীণ নাগরিক ও সংগঠককে চিহ্নিত সন্ত্রাসী চক্রের হাতে প্রকাশ্যে রক্তাক্ত হতে হলো। মীমাংসার আলোচনা শেষে গাড়িতে থাকা অবস্থায় তাকে টেনে নামিয়ে মাথায় ও শরীরে অস্ত্র দিয়ে পিটিয়ে অচেতন করার ঘটনা আইনের শাসনের চরম অবমাননা।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “ভুক্তভোগী আদালতের নির্দেশনা ও বৈধ কাগজপত্র নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাননি; বরং পুলিশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার যে গুরুতর অভিযোগ উঠেছে, তা জননিরাপত্তার জন্য অশনিসংকেত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নাগরিকের জানমালের হেফাজত করা, কোনো অবস্থাতেই অপরাধীদের পক্ষে অবস্থান নেওয়া নয়।”
হোসাইন মোহাম্মদ সেলিম সারোয়ার ওয়াদুদ চৌধুরীর ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, “আইনের সুরক্ষা পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার। তাই অনতিবিলম্বে জবরদখলকৃত কার্যালয় ও কারখানা প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়ে দায়িত্ব পালনে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
