মাদারীপুরের শিবচরে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আতিকা আক্তার (১৩) ও জান্নাত আক্তার (১৪) নামে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবিবা আক্তার (১২) নামে আরও এক কিশোরীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ৩টার দিকে শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতিকা আক্তার উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা গ্রামের ফারুক ফরাজির মেয়ে। সে ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত জান্নাত আক্তার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকের মেয়ে। সে স্থানীয় পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
আহত লাবিবা আক্তার বালাকান্দি এলাকার শামিম আহমেদের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা থেকে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যায় আতিকা। পরে সে আরও দুই খালাতো বোনকে নিয়ে নানাবাড়ি বেড়াতে যায়। শনিবার বিকেল ৩টার দিকে তিনজন একসঙ্গে নানাবাড়ির পুকুরে গোসল করতে নামে।
একপর্যায়ে তিনজনই পানিতে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে তিন কিশোরীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ খান জানান, পানিতে ডুবে যাওয়া তিন কিশোরীকে বিকেলে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আতিকা ও জান্নাতকে মৃত ঘোষণা করা হয়। আহত লাবিবাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
