BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিশ্বের সেরা অভিনেত্রী শেখ হাসিনা, বিস্ফোরক মন্তব্য স্পিকারের!

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সামনে শেখ হাসিনা সহানুভূতি দেখালেও এর আড়ালে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল। শনিবার লালমোহনে এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার শাসনামল, গুমের অভিযোগ, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে নিয়ে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন শেখ হাসিনা। তাদের আশ্বস্ত করা হতো, গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দেওয়া হবে। অথচ তাঁর দাবি, শেখ হাসিনা নিজেই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় রয়েছেন।

স্পিকার বলেন, শেখ হাসিনার এসব আচরণ ও অভিনয়ের কারণে জনগণ তখন প্রকৃত বিষয়টি বুঝতে পারেনি। তবে এখন পরিস্থিতি পরিষ্কার হয়েছে বলে দাবি করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিষয়গুলো সামনে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনাকে গুমের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করেন হাফিজ উদ্দিন আহমদ।

শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে স্পিকার বলেন, দীর্ঘ সময়ের কৃতকর্মের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররম মসজিদের ইমামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের দেশত্যাগের প্রসঙ্গও উঠে আসে। তিনি দাবি করেন, বিভিন্ন পদে থাকা অনেক ব্যক্তি শেষ পর্যন্ত পালিয়ে গেছেন এবং ক্যান্টনমেন্টে ৬০০ পুলিশ কর্মকর্তা আশ্রয় নিয়েছেন।

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা সরকারকে খুশি করতে এবং নিজেদের স্বার্থ হাসিল করতে সাধারণ মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছেন। এর পরিণতিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের দেশ ছাড়তে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বেনজীর আহমেদের সম্পদের প্রসঙ্গে স্পিকার বলেন, তাঁর বিরুদ্ধে স্ত্রী, পুত্র ও কন্যার নামে বিপুল পরিমাণ জমি-সম্পদ করার অভিযোগ রয়েছে। বনাঞ্চল দখল এবং বিপুলসংখ্যক বাড়িঘর ও সম্পদের মালিক হওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেও সম্পদ অর্জনের অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিনা ভোটে নির্বাচিত কথিত এমপিদের অনেকেরই গ্রাম, ঢাকা ও বিদেশে বিপুল সম্পদ রয়েছে। রাজনীতি করার নামে একের পর এক সম্পদ লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। এ কারণেই বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে বলেও মন্তব্য করেন স্পিকার।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি ছাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »