BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহ আলম (৩৮) ও মোকাররম হোসেন (২৪) নামের দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে বজ্রপাতে এই দুজনের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শাহ আলম চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে এবং মোকাররম হোসেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তিনি ছুটিতে এসে বিয়ে করেছিলেন। অন্যদিকে শাহ আলম শ্রমিক হিসেবে কাজ করতেন।

আজ সকাল ৭টার দিকে শাহ আলম ও মোকাররম জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় সকাল ১০টার দিকে স্বজনরা তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »