ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর আড়াইটায় এ বৈঠক শুরু হয়।
ইসি সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এমনকি ভোটের ধাপও কমানো হতে পারে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগেই শেষ করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে। নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এরপর রমজান ও অন্যান্য বিষয় রয়েছে। তাই কয়েক দফা আলোচনা করে কমিশন সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।
এর আগে নির্বাচন কমিশন সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা জানিয়েছিল। সেই পরিকল্পনায় প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর এবং শেষ ধাপের ভোট ২৭ মে ২০২৭ করার সম্ভাব্য তারিখ বিবেচনা করা হয়েছিল। তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানান ইসি সানাউল্লাহ।
