ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরবর্তী পদক্ষেপ এবং যুদ্ধোত্তর কৌশল নিয়ে আলোচনা করতে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে মূলত সংঘাতের পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি বিস্তৃত ‘পরবর্তী দিনের কৌশল’ তৈরির কাজ করছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এই কৌশল চূড়ান্ত রূপ পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান অথবা পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন। জিসিসির সদস্য দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান।
তবে বৈঠকের পরিধি আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতাদেরও এতে যুক্ত করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রাথমিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত দুই নেতার মধ্যে বৈঠকের কোনো নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি বলে এক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হলে ইরানের সঙ্গে সংঘাতের পরবর্তী পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের আলোচনার সুযোগ তৈরি হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
