আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ফরহাদ ইসলাম (৩৬) আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকার মৃত বেদন ও শাহানাজ বেগমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফরহাদ ইসলামের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি মাদক মামলা রয়েছে। তাকে নতুন করে সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
