বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং চারা গাছ বিতরণের মধ্য দিয়ে বাগেরহাটে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বাগেরহাট প্রেস ক্লাবে চ্যানেল আইয়ের বাগেরহাট জেলা প্রতিনিধি আলামিন খান সুমনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। বিশেষ অতিথি ছিলেন এনসিপির বাগেরহাট জেলা আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন। এ সময় জেলা সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান এবং বাগেরহাট প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে চ্যানেল আই সুনামের সাথে সংবাদ পরিবেশনের পাশাপাশি বিনোদন, সংস্কৃতি ও শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে। বিশেষ করে ‘মাটি ও মানুষ’ এবং ‘হৃদয়ে বাংলাদেশ’-এর মতো অনুষ্ঠান দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, বাগেরহাটে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আলামিন খান সুমন অল্প সময়ের মধ্যে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে স্থানীয় মানুষের মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, "ভবিষ্যতেও চ্যানেল আই সুন্দর ও জনকল্যাণমূলক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি অপতথ্য (মিসইনফরমেশন) এবং ভুল তথ্য (ডিজইনফরমেশন) পরিবেশনের বিষয়ে সতর্ক থেকে দায়িত্বশীলতার সাথে গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করবে।"
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও বৃক্ষচারা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
