আগামী ১০ বছরের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। একই সঙ্গে তিনি বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন।
নির্বাচনী সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অর্থসম্পদ না থাকলেও সমাজে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
গত ১৭ বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে স্পিকার আশা প্রকাশ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
ভোলার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, জেলায় পর্যাপ্ত গ্যাসের মজুত রয়েছে এবং আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। অথচ ভোলার মানুষ দীর্ঘদিন ধরে গ্যাসের জন্য কষ্ট করছেন। স্থানীয় বাসিন্দাদের জন্য গ্যাস নিশ্চিত করা তাঁদের ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি সরাসরি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন।
এ সময় ভোলা সার্কিট হাউসে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
