BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আগুনে পুড়ে যাওয়া এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর বাড়িটি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দলটির।

শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। তিনি জানান, পরিদর্শনকারী দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আবদুল গফুর।

এর আগে গত বুধবার (১১ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় নুসরাত নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে নাম রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর আহসানুল ইসলাম ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নামও রয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল বলেও অভিযোগ করা হয়েছে।

এজাহারের ভাষ্য অনুযায়ী, এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে নুসরাতের মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে মামলার আসামিদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »