BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আওয়ামী লীগের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই সময়ে দেশের অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। একই সময়ে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। পাশাপাশি ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৭ হাজার কোটি টাকায় পৌঁছেছে বলেও জানান তিনি।

শুক্রবার সকালে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা’।

বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরের বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছিল। স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণে দেশের অর্থনীতি দুর্নীতির দুষ্টচক্রে আটকে পড়ে। এর ফলে সাধারণ মানুষ ও সামগ্রিক অর্থনীতিকে বড় ধরনের মূল্য দিতে হয়েছে।

অর্থপাচারের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। এ সময়ে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

দেশের ব্যাংকিং খাতের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি জানান, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকটের চিত্র নিরূপণে ঋণ শ্রেণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারীরা যাতে সঠিক তথ্য পান এবং দেশে একটি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ বজায় থাকে, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন জোরদার করতে হবে। সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছ হিসাব নিশ্চিত করা জরুরি। কারণ, একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে আস্থা। আমানতকারীরা ব্যাংকে তাঁদের সঞ্চয় জমা রাখেন, বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক বিবরণের ওপর নির্ভর করেন এবং নাগরিকরা আশা করেন, সরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

অর্থনীতিকে সুরক্ষিত রাখাকে সবার সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি শুধু নিরীক্ষকদের কাজ নয়। হিসাববিদ, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয় কার্যক্রমের প্রশাসক, প্রকল্প প্রকৌশলী এবং নীতিনির্ধারক—সবারই সরকারি সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় নীতিনির্ধারণী পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। পরবর্তী সময়ে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলন উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্যকে আরও শক্তিশালী করেন।

অনুষ্ঠানে ‘সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করেন রাষ্ট্রপতি। এবারের সম্মাননা পেয়েছেন আখতার সানজিদা কাশেম। এ সময় আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির, অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার, আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এবং মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -