সাব্বির সরদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধঃ
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে যোগদান করেছেন মোঃ হেলালউদ্দিন ভূইয়া। তাঁর যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
মোঃ হেলালউদ্দিন ভূইয়া ৩৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০১৪ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)সহ গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা পুলিশের নতুন এই কর্মকর্তার যোগদানকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।
