গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা শহরের সুখ-শান্তির মোড়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি শুকনো গাঁজাসহ মো. সুজন নমিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে গাইবান্ধা পৌরসভার সুখ-শান্তির মোড় এলাকায় এলজিইডি ভবনের সামনে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সুজন নমিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব ফুলমতি বালার হাট এলাকার বাসিন্দা। তিনি মো. বেলাল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো ২ কেজি এবং কালো পলিথিনে মোড়ানো আরও ১ কেজি, মোট ৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় সোমবার (১৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ৩৮ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ২৯)।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
