ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের একটি সৌজন্যমূলক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। এক মুসলিম নারী পুলিশ ক্যাডেটের আনুষ্ঠানিক স্যালুটের জবাবে নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে পাল্টা স্যালুট জানিয়েছেন তিনি। কয়েক সেকেন্ডের এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রীর এমন সম্মান প্রদর্শনের প্রশংসা করছেন নেটিজেনরা।
রোববার (১৫ নভেম্বর) ভারতের কেরালার কোচির এরনাকুলাম টাউন হলে এ ঘটনা ঘটে। রাজ্য সরকারের সড়ক নিরাপত্তাবিষয়ক উদ্যোগ ‘জীবা-সুয়াত্রা’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মাম্মুট্টি। তিনি এই সড়ক নিরাপত্তা প্রচারাভিযানের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফাতিমা নামের এক তরুণী পুলিশ ক্যাডেট হাতে টবে লাগানো একটি গাছ নিয়ে মঞ্চে আসেন। পরে তিনি গাছটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে স্যালুট জানান।
সে সময় গাছটি টেবিলে রাখায় ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী সতীশন। ফলে প্রথমে ক্যাডেটের স্যালুট তার চোখে পড়েনি। তবে নিজের আসনের দিকে ঘুরতেই সামনে দাঁড়িয়ে থাকা ফাতিমাকে স্যালুটরত অবস্থায় দেখতে পান তিনি। মুহূর্তেই নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে হাসিমুখে পাল্টা স্যালুট জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এমন জবাবে ফাতিমার মুখেও হাসি ফুটে ওঠে। এরপর তিনি মঞ্চ ছেড়ে চলে যান। পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই একজন তরুণ ক্যাডেটের আনুষ্ঠানিক অভিবাদনের প্রতি মুখ্যমন্ত্রীর সম্মান প্রদর্শনকে সৌজন্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার সুন্দর দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সতীশনের পাশেই বসেছিলেন অভিনেতা মাম্মুট্টি। তবে পুরো আয়োজনের মধ্যে মুখ্যমন্ত্রী ও তরুণী ক্যাডেটের এই সৌজন্য বিনিময়ই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে ‘জীবা-সুয়াত্রা’ নামের সড়ক নিরাপত্তা কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০৩০ সালের মধ্যে কেরালায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহত হওয়ার ঘটনা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে।
সূত্র: গালফ নিউজ ও ইন্ডিয়া টুডে।
