ভারতের কলকাতায় ড্রাইভিং শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে পড়ে সুমিত্রা দাস (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) কলকাতার কেষ্টপুরের প্রফুল্ল কানন (পশ্চিম) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সেদিন স্কুটারে করে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরেন সুমিত্রা। এরপর স্কুটার রেখে গ্যারেজ থেকে গাড়ি বের করে ড্রাইভিং অনুশীলন শুরু করেন তিনি।
ড্রাইভিংয়ের সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি পানিতে ডুবে যায়।
খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালানোর পর পুকুর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পরে গাড়ির ভেতর থেকে সুমিত্রার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গাড়ি উদ্ধারের পর সুমিত্রাকে গাড়ির ভেতরে এমন অবস্থায় পাওয়া যায়, যেখানে তার মুখ ছিল পেছনের দরজার দিকে এবং পা ছিল স্টিয়ারিংয়ের কাছে। পুলিশের ধারণা, গাড়িটি পানিতে ডুবে যাওয়ার সময় তিনি বের হওয়ার চেষ্টা করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সুমিত্রার স্বামী কৃষ্ণেন্দু দাস সম্প্রতি গাড়িটি কিনেছিলেন। আগামী ২২ আগস্ট সুমিত্রার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবেই তিনি গাড়ি চালানোর অনুশীলন করছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ি চালানোর সময় ভুল করে ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে ফেলেন সুমিত্রা। এতে গাড়ির গতি বেড়ে গিয়ে সেটি পুকুরে পড়ে যায়।
সুমিত্রার মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
