স্টাফ রিপোর্টার:মোটরযান চালক ও শ্রমিকদের পেশাগত মান উন্নয়ন, ট্রাফিক আইন মেনে চলা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিবহন খাতে সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় ফেনীর স্টার লাইন টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআরটিএর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং ফেনী জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) শাহাদাত হোসেন।
স্টার লাইন গ্রুপের জনসংযোগ কর্মকর্তা ও সাংবাদিক জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআরটিএর মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট এসএম সামিউর ইসলাম, স্টার লাইন বাসের কাউন্টার জিএম বেলাল হোসেন এবং প্রশিক্ষক বেলাল পাটোয়ারী।
প্রশিক্ষণ শেষে উপস্থিত চালক, হেলপার ও সুপারভাইজারদের মাঝে সচেতনতামূলক প্রজেক্টর প্রদর্শনের মাধ্যমে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, পেশাগত দায়িত্ববোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি দায়িত্বশীল ও পেশাদার আচরণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পরিবহন খাতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে চালক ও শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
